বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রায়ই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠে। মোবাইল চুরি থেকে শুরু করে বহিরাগত ব্যক্তিদের অস্ত্র নিয়ে বিএফডিসিতে প্রবেশের ঘটনাও মাঝেমধ্যে সংবাদ মাধ্যমে উঠে আসে। সম্প্রতি আবারও বিএফডিসিতে মোবাইল চুরির অভিযোগ করেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় এফডিসির সাউন্ড কমপ্লেক্সে ডাবিং চলাকালে ফোন চুরি হয়েছে বলে জানান এই অভিনেত্রী।
তানহা তাসনিয়া জানান, নির্মাতা গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’ এর ডাবিংয়ে অংশ নিতে তিনি বিএফডিসিতে উপস্থিত ছিলেন। সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে এক ব্যক্তি নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে সেখানে অবস্থান নেয়। পরে জানা যায়, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে জয় চৌধুরীর কোনো ড্রাইভার নন; সন্দেহ এড়াতে তিনি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট পরিচয় ব্যবহার করেছিলেন।
অভিযোগ অনুযায়ী, ড্রাইভার পরিচয়ধারী ব্যক্তি কৌশলে ডাবিং রুমে প্রবেশ করে তানহা তাসনিয়ার কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার বর্ণনা দিয়ে তানহা তাসনিয়া বলেন, “আমি মোবাইল ফোনটি সাইলেন্ট অবস্থায় আছে কি না দেখতে গিয়ে বুঝতে পারি সেটি আর টেবিলে নেই। পরে বিষয়টি বুঝতে পেরে আমরা এফডিসির বিভিন্ন জায়গায় লোকটিকে খুঁজতে থাকি। কিন্তু তাকে না পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করি।
তবে পুরো ঘটনায় এফডিসির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এই চিত্রনায়িকা। তার ভাষ্য, “অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এফডিসির প্রবেশ গেইটসহ ভেতরের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের ভাষ্যমতে, অনেকদিন ধরেই নাকি সার্ভার অচল। একটি কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা এভাবে অকার্যকর থাকা সত্যিই উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।”
ঘটনাটি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এফডিসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









