পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর ১৩তম পর্ব প্রচারের পর থেকেই জামিল ও জারিয়াবের সম্পর্কের পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রেম, ত্যাগ ও একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্নের পর ধর্মীয় বিশ্বাসের ব্যাখ্যায় ভালোবাসার সম্পর্ক থেকে জামিলের সরে যাওয়ার বিষয়টি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
নাটকে জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির খান এবং জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরেফিশান সেলিম। গল্পে দেখা যায়, শৈশবের প্রেমিকা জারিয়াবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল জামিলের। একসময় তারা একসঙ্গে থাকলেও হঠাৎ জারিয়াবকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন জামিল।
এরপর জামিলের জীবনে আসে বড় পরিবর্তন। ধর্মীয় জীবনে নতুনভাবে ফিরে এসে তিনি একটি মাদ্রাসার অচেনা নারীকে বিয়ে করেন। বিয়ের আগে কিংবা এমন সিদ্ধান্ত নেওয়ার সময় জারিয়াবকে কিছু জানাননি তিনি। বিষয়টি জানতে জামিলের বাড়িতে হাজির হন জারিয়াব। সেখানেই দুজনের কথোপকথন পর্বটির আলোচিত দৃশ্য হয়ে ওঠে।
জারিয়াবের সামনে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে জামিল তাদের একসঙ্গে কাটানো সময়কে ‘অজ্ঞতার সময়’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, সামনে এগিয়ে যেতে তার এমন একজন জীবনসঙ্গী প্রয়োজন ছিল, যিনি তার ধর্মীয় জীবনে সহযোগিতা করবেন এবং ধার্মিক, পবিত্র ও নিষ্পাপ হবেন।
জামিল আরও বলেন, আল্লাহ তার তওবা কবুল করেছেন এবং এর ফল হিসেবেই নতুন স্ত্রীকে তার জীবনে দিয়েছেন। এরপর জারিয়াবকে নিজের মতো কাউকে বিয়ে করার পরামর্শ দেন তিনি। এতে জারিয়াবের মনে প্রশ্ন ওঠে—তাহলে কি শুধু একজন পুরুষেরই তওবা করার অধিকার রয়েছে?
জামিল এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে একজন ধার্মিক স্ত্রীর মধ্যে কী ধরনের গুণ থাকা উচিত, তা ব্যাখ্যা করতে থাকেন। একই সঙ্গে জারিয়াব কেন তার নতুন মানদণ্ড পূরণ করেন না, সেটিও বোঝানোর চেষ্টা করেন। বিষয়টি দর্শকদের একটি বড় অংশের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করেছে।
নাটকের আগের ঘটনাপ্রবাহেও জারিয়াবের আত্মত্যাগ দেখা গেছে। জামিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারায় তাকে মানসিকভাবে স্বস্তি দিতে এবং পাশে থাকতে জারিয়াব নিজের হার্ভার্ডে ভর্তি হওয়ার সুযোগ পর্যন্ত ছেড়ে দিতে প্রস্তুত ছিল। ফলে সম্পর্কের জন্য জারিয়াবের ত্যাগের বিপরীতে জামিলের হঠাৎ সরে যাওয়া গল্পে আরও তীব্র হয়ে উঠেছে।
সাকিব খানের পরিচালনায় ‘দার-ই-নিজাত’ নাটকে নামির খান ও দুরেফিশান সেলিম ছাড়াও অভিনয় করছেন শেহেরিয়ার মুনাওয়ার, রোমাইসা খান, সাহার হাশমি, সানিয়া সাঈদ, সাবা হামিদ ও নাদিয়া আফগানসহ অনেকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









