স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতায় শিশু থেকে বৃদ্ধ—প্রায় সবাই এখন দীর্ঘ সময় ডিভাইসের পর্দায় কাটাচ্ছেন। অর্থহীন স্ক্রলিং বা ‘ডুমস্ক্রলিং’-এ আসক্তি কমাতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। নাগরিকদের দিনে অন্তত ১৫ মিনিট বই পড়তে উৎসাহিত করতে অর্থ দেওয়ার ব্যবস্থা চালু করেছে দেশটি।
চলতি মাসে চালু হওয়া এই গ্যামিফিকেশন প্রকল্পের মাধ্যমে নাগরিকদের মনোযোগ, সমালোচনামূলক চিন্তা ও কল্পনাশক্তির বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে। এ খবর দিয়েছে গার্ডিয়ান।
কর্মসূচির আওতায় বই পড়লে পাঠকরা ভার্চুয়াল পয়েন্ট পাবেন, যা পরে নগদায়ন করা যাবে। দিনে অন্তত ১৫ মিনিট বা তার বেশি সময় বই পড়লে পাওয়া যাবে ২০টি ভার্চুয়াল কয়েন। সরকারি ওয়েবসাইটে টানা ৫০ দিন পাঠের তথ্য নথিভুক্ত করে এক হাজার কয়েন জমালে পাওয়া যাবে এক সিঙ্গাপুরি ডলার। একজন নাগরিক দিনে কেবল একটি পাঠ সেশনের তথ্য যুক্ত করতে পারবেন।
সিঙ্গাপুরের জাতীয় গ্রন্থাগার বোর্ডের প্রধান মেলিসা ট্যাম বলেন, তথ্যের অতিরিক্ত প্রাচুর্যের এই সময়ে মানুষ সহজেই মনোযোগ হারাচ্ছে। বাসে চলাচলের সময়, খাবারের বিরতিতে কিংবা রাতে ঘুমানোর আগে দিনে মাত্র ১৫ মিনিট বই পড়ার অভ্যাস গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।
এ ছাড়া তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমাতে স্মার্টফোন ব্যবহারের দৈনিক সময়সীমা বেঁধে দেওয়ার কথাও বিবেচনা করছে সরকার।
নাগরিকদের দৈনন্দিন আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে সিঙ্গাপুর সরকারের আর্থিক প্রণোদনা অবশ্য নতুন নয়। এর আগে সুস্থ জীবনযাপনের অংশ হিসেবে নিয়মিত হাঁটা ও নির্দিষ্ট পদক্ষেপের লক্ষ্য পূরণে সুপারমার্কেট ভাউচার ও পুরস্কার দেওয়ার কর্মসূচিও নেওয়া হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









