নেতা প্রথম
জাকির আজাদ
লোকটার নাকি বেশি মায়া খুবই স্নেহ দরদ,
চলতে ফিরতে খুব বিনয়ী গায় পাঞ্চাবী গরদ
স্বভাব চরিত্র খুবই ভালো কোথাও নেই গলদ
মাঝে মধ্যে কিছু লোকে বলবে তাকে বলদ
সবার সঙ্গে হয় বিনিময় হাসি ঠাট্রা বলন
তার এমন সুখ দেখে নাকি নিন্দুকের হয় জ্বলন।
কি যে কর্ম করেন তিনি কেমন কাজের ধরন,
জানতে চাইলে বলবে হেসে নাইরে নাকি স্মরণ
সবই আছে নতুন গাড়ি অট্রালিকা ভবন
ভবনে বসে আরাম করেন খান দখিনা পবন
বাছা বাছা বেশ সুস্বাদু খাবার করেন ভক্ষন
নিজকে তিনি গুটিয়ে নেয় দেখলে বিপদ লক্ষন।
দেশ বিদেশে আছে বহুত তার আত্মীয় স্বজন,
সবার সঙ্গে হয় যোগাযোগ শত্রু অল্প ক’জন
মিত্র যারা তাদের নিয়ে জমান মধুর লগন
তিনি নাকি বিরাট ধনী ছুঁইতে পারেন গগন
শুস্ক গাঙ ভরতে পারেন দেখান কেমন চমক।
সামনে পড়লে যে কেউই তাকে লাগান ধমক,
মনটা ভীষন খারাপ হলে নিজে গাইবে ভজন
ভাড়া করে শ্রোতা এনে গোটা কয়েক ডজন
ছোট বড়ো সবার সঙ্গে কেটে কিরা কসম
জগণ্য সব মিথ্যা বলবে দাড়িয়ে যায় পশম
নানান রকম ক্রীম মেখে ফর্সা করেন বদন
বাপে মায়ে আদর করে নাম রেখেছে মদন।
নিজকে তিনি নিজে করেন ভীষন রকম যতন,
কারন তিনি নাকি দেশের একটা মহা রতন
নিজকে তিনি সেই নিয়মে করে ফেলেন গঠন
বাংলা ইংলিশ সকল পুস্তক তার হয়েছে পঠন
নিজ সিদ্ধান্তে থাকে সেতো পুরোপুরি অটল
কোন অবস্হায় হয়না বদল তুলুক যে কেউ পটল।
নিজের ইচ্ছায় সবই করেন থাকেন মেলা সবল,
এতে আসুক নানা গুঞ্জন আসুক বাঁধা প্রবল
সব জায়গায় তার সন্মান করে সবাই কদর
একটু মন্দ কয়না তাকে নেড়ে কারো অধর
কথায় কাবু করে তাকে করা যায়না দমন
সব অনুস্ঠান সকল সভায় তিনি থাকবেন কমন।
ঝগড়াঝাটি লাগলে তাই চুপটি থাকেন তখন,
অপেক্ষা করেন উভয় পক্ষের ডাক আসবে কখন
যে কেউ শত্রুতা করে পারবেনা ক্ষতি করন
এতো দ্রুত হবেনা তার কোনোকালে মরণ
ভালো করে জানেন চিনেন এই দুনিয়ার সকল
কারা আছেন কার কি কি পুরো করে দখল।
তাবত কিছু বুঝে ফেলেন দেখলেই এক ঝলক,
হোকনা কাছের কিংবা দুরের ফেলতে হয়না পলক
রাশি না দেখে বাইরে পা দেবেনা এক কদম
তিনি নাকি চালাক চতুর নয়তো পুরো অদম
কোনো কিছু শুরু করলে করতে চাননা খতম
তিনি নাকি হবেন দেশের ভালো নেতা প্রথম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









