শারদীয় দুর্গোৎসবে এবার দুই দিন থাকছে সপ্তমী তিথি। বাংলা পঞ্জিকা ও তিথিচক্রের বিশেষ বিন্যাসের কারণে শনিবার ও রবিবার (১৭ ও ১৮ অক্টোবর) সপ্তমী তিথি পালিত হচ্ছে।
ষষ্ঠীতে দেবীর বোধন ও আমন্ত্রণের পর শনিবার থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে নবপত্রিকা স্থাপন, পূজা-অর্চনা ও অন্যান্য ধর্মীয় আচার পালন করছেন ভক্তরা। এদিন দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন তারা।
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার সপ্তমীতে দেবী দুর্গার আগমন ঘোড়ায় চড়ে। প্রচলিত ব্যাখ্যায়, দেবীর এই আগমন সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতার ইঙ্গিত বহন করে। অন্যদিকে, দশমীতে দেবীর গমন হবে নৌকায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এর সঙ্গে প্রবল বন্যা ও খরার আশঙ্কার প্রতীকী ব্যাখ্যা যুক্ত রয়েছে।
২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









