গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৫ জন শিশু।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৪০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৭ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৩৭ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৮৫ শিশু। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯০০ শিশু। এ সময়ে নতুন করে ৮০৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৮০৬ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩১০। এদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯। এ সময় মোট ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









