রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ক্রিসেন্ট রোডের ৭২ নম্বরের একটি পাঁচতলা ভবনের নিচতলার হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পিংকির বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামবাড়ি গ্রামে। তিনি ওই এলাকার প্রফুল্ল বিশ্বাসের মেয়ে ছিলেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকালে খবর পেয়ে পুলিশ ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলের দরজা ভেঙে পিংকির মরদেহ উদ্ধার করে। এ সময় তাকে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, পিংকি আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে তিনজন শিক্ষার্থী থাকতেন। অন্য দুজন ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন। সকালে হোস্টেলের মালিক নয়ন মিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









