এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ১৫৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১৬৭ জন।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩১০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ নারী এবং ৩৮ দশমিক ৯ শতাংশ পুরুষ। তবে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর মধ্যে ৩৮ দশমিক ৫ শতাংশ নারী এবং ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









