দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। একই সময়ে নতুন করে ৭২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এই দুইজনের মৃত্যু হয়েছে।
নতুন ৭২৩ জনসহ চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৫৫০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১৯ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৩২০ জন। এ ছাড়া খুলনায় ৯৮ জন, বরিশালে ১০১ জন, চট্টগ্রামে ৮৩ জন, রাজশাহীতে ৬৩ জন এবং ময়মনসিংহে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুইজন করে মারা যান। মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৩ জনের মৃত্যু হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









