সিন্ধু নদের পানিবণ্টন ইস্যুতে উত্তেজনা আরও বাড়িয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের অবস্থান অব্যাহত থাকলে প্রয়োজন হলে যুদ্ধের পথেও যেতে প্রস্তুত পাকিস্তান।
পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পানি আমাদের জাতীয় নিরাপত্তার অংশ। যখনই মনে হবে পানির নিরাপত্তা গুরুতর হুমকির মুখে, তখনই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি।”
তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, সিন্ধু নদে পানি সরবরাহ ব্যাহত করার বিষয়ে ভারতের ‘উদ্বেগজনক তৎপরতা’র সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তবেই সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করা হবে।
এশিয়ার অন্যতম দীর্ঘতম নদ সিন্ধু হিমালয়ের কৈলাস পর্বতের বোখার-চু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারত ও পাকিস্তান হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। এই নদ এবং এর ছয়টি উপনদীর পানির ব্যবহার নিয়ে বহু বছর ধরেই দুই দেশের মধ্যে বিরোধ চলছে।
এই বিরোধ নিরসনে ১৯৬০ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ‘ইন্ডাস ওয়াটার ট্রিটি’ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, পূর্বাঞ্চলের তিন নদী—ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহারের অধিকার পায় ভারত। আর পশ্চিমাঞ্চলের তিন নদী—সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অধিকার দেওয়া হয় পাকিস্তানকে।
চুক্তিতে একতরফাভাবে স্থগিত বা বাতিল করার কোনো বিধান নেই। তবে ২০২৫ সালে ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগাঁও এলাকায় পর্যটকদের ওপর হামলার ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এই চুক্তি স্থগিত করে। এখন পর্যন্ত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি।
সূত্র: এআরওয়াই নিউজ, এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









