ঢাকা-রোম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো-এর মধ্যে।
সোমবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ইতালির রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।
এ সময় ইতালীয় ‘দ্য এজ কোম্পানি’ বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য ‘বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম’ স্থাপনে আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি ‘ফ্লাইঅন অ্যারো কোম্পানি’ বাংলাদেশে একটি প্রশিক্ষণ একাডেমি স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরে, যাতে দেশীয় টেকনিশিয়ানরা উন্নত প্রশিক্ষণ পেতে পারেন।
মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বিমানবন্দর সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়।
এর আগে একই দিনে মন্ত্রী ‘স্যাটস কোম্পানি’র প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করলে মন্ত্রী যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









