পূর্ব ফ্রান্সের টম্বলেইন শহরে স্কাইডাইভারদের বহনকারী একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
রবিবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টায় দেশটির ন্যান্সি শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
একটি প্যারাসুটিং স্কুলের ব্যবহার করা বিমানটি ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে বিমানের পাইলট এবং ১০ জন যাত্রী রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী ও পাঁচজন প্রশিক্ষক ছিলেন।
দুর্ঘটনার বিবরণ দিয়ে অঞ্চলটির প্রশাসনিক প্রধান (প্রিফেক্ট) ইভ সেগুই বলেন, '১১ জন আরোহী নিয়ে বিমানটি উড্ডয়নক্ষেত্রের ঠিক পাশেই হঠাৎ আছড়ে পড়ে। এতে আরোহীদের বাইরে অন্য কোনো সাধারণ মানুষ হতাহত হননি।'
তিনি জানান, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ শুরু করেছে।
কর্মকর্তারা আরও জানান, দুর্ঘটনার সময় বিমানবন্দরে নিহতদের আত্মীয়রা উপস্থিত ছিলেন।
এদিকে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পেয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশে রওনা হয়েছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
সূত্র: বিবিসি, এপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









