বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর যৌথভাবে ‘সেবা মাশুল’ বা শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইরান ও ওমান। যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
একজন ইরানি কর্মকর্তা এবং কয়েকজন কূটনীতিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চলতি মাসেই এই বিষয়ে প্রাথমিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এর মাধ্যমে যুদ্ধ-পরবর্তী আঞ্চলিক বাণিজ্যিক কাঠামোর অংশ হিসেবে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিনের আলোচনার সময় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলো কোনো মাশুল ছাড়াই চলাচল করতে পারবে। তবে একই সঙ্গে দীর্ঘমেয়াদে যৌথ ব্যবস্থাপনার একটি কাঠামো তৈরির কথা রয়েছে।
সূত্র জানায়, ওমান এই শুল্ক ব্যবস্থাকে ‘ঐচ্ছিক’ রাখতে চাইলেও ইরান এটিকে বাধ্যতামূলক করার পক্ষে অনড় অবস্থানে রয়েছে। ইরানের দাবি, প্রণালির নিরাপত্তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের খরচ মেটাতেই এই অর্থ প্রয়োজন।
তবে ওমান একক সিদ্ধান্ত এড়াতে মধ্যপন্থা খুঁজছে বলে জানা গেছে। অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যৌথ চুক্তি না-ও হয়, তবুও তেহরান একতরফাভাবে শুল্ক আরোপ করতে পারে।
এদিকে সম্ভাব্য এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালিতে শুল্ক আরোপের কোনো চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে। তিনি একে আন্তর্জাতিক জলসীমা হিসেবে উল্লেখ করে একক নিয়ন্ত্রণের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিষয়টি ঘিরে ওয়াশিংটন ও উপসাগরীয় অঞ্চলের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে পারে। যদিও এর আগে গোপন আলোচনায় ওমানি কূটনীতিকরা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছিলেন যে, এমন কোনো পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা নেই তাদের।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, মিডলইস্ট আই


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









