জার্মানিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে একটি রোবট জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় ১৬ বছর বয়সী রোবটটির মালিক এবং তার ১৯ বছর বয়সী এক সঙ্গীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
১০ অক্টোবর (শনিবার) রাতে জার্মানির কোলন শহরে এ ঘটনা ঘটে।
উত্তর রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযোগে বলা হয়েছে, লাল ও সোনালি রঙের প্রায় ১২০ সেন্টিমিটার লম্বা রোবটটি পেছন থেকে কিশোরীর কাছে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি তার নিতম্ব চেপে ধরে এবং তাকে জোরে ধাক্কা দেওয়ার মতো অঙ্গভঙ্গি করে। এতে কিশোরী চিৎকার করে সরে যায়।
পুলিশের ধারণা, রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গী সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি সরাসরি সম্প্রচার করেছে এবং এ নিয়ে মন্তব্যও করেছে।
পুলিশের ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টার দিকে শহরের কেন্দ্রের কাছে একটি খাবারের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে থাকা অবস্থায় কিশোরীটি ঘটনার শিকার হয়।
খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে যান। এর কিছুক্ষণ পর কাছাকাছি একটি স্থান থেকে ওই কিশোর ও তার সঙ্গীকে খুঁজে পাওয়া যায়। পুলিশ জানায়, কিশোরটির রাখা একটি গাড়ির পেছনে রোবটটি পাওয়া গেছে।
পুলিশ প্রকাশিত ছবিতে রোবটটিকে কালো গোঁফ, সোনালি চেইন ও সাদা ভেস্ট পরা অবস্থায় দেখা যায়। রোবটটির পাশাপাশি সন্দেহভাজনদের দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির চলাচল নিয়ন্ত্রণ করছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, মামলাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্যের বিষয়ে সতর্ক করেছে পুলিশ। তাদের ভাষ্য, এসব মন্তব্য সীমা অতিক্রম করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









