বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধটি বর্তমানে আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করছে ভারত।
শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে এবং সেই আবেদন ভারত পেয়েছে।
রণধীর জয়সওয়াল বলেন, "হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আগেও জানিয়েছি, বিষয়টি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে।"
তিনি আরও জানান, প্রত্যর্পণ সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই আবেদনটি বিবেচনা করা হবে।
একই ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে সংঘটিত এক রাজনৈতিক হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা এক ব্যক্তিকে ফেরত চেয়ে বাংলাদেশ থেকে আর কোনো প্রত্যর্পণের আবেদন এসেছে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত নন। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তবে তিনি পুনর্ব্যক্ত করেন, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণের অনুরোধই দেশের প্রচলিত আইন এবং বিচারিক প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









