চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
রবিবার (১৯ জুলাই) হওয়া এ ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি নিরূপণে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি, ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রস্থলের আশপাশের কয়েকটি গ্রামে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









