মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান বিক্ষোভ আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই ঘোষণার পরও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, মোদির আশ্বাসের পরও ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের অবস্থান থেকে সরে আসেনি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক মন্তব্য করেন, ‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে মোদি পুরো দিল্লিই বন্ধ করে দিতে প্রস্তুত।’
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লির যন্তর মন্তরে আবারও বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো হন। এদিন ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে অভিজিৎ দীপকে অভিযোগ করেন, আন্দোলন ভণ্ডুল করতে বাইরে থেকে লোক এনে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তার দাবি, আন্দোলন বড় হওয়ার পর উসকানি দিতে বাইরে থেকে লোক পাঠানো হয়েছে।
এর আগে বুধবার গভীর রাতে যন্তর মন্তর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশের দাবি, এ ঘটনায় সহকারী পুলিশ কমিশনার (এসিপি) পদমর্যাদার দুই কর্মকর্তাসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।
এদিকে বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।’
তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
মোদির এই ঘোষণার পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানান লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করার জন্য মোদিই দায়ী। একই সঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেন—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত, শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









