ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক সরকারি ডিক্রির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রায় এক বছর ধরে তিনি ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত কয়েক সপ্তাহ ধরেই তার পদত্যাগের গুঞ্জন চলছিল।
স্টেফানিশিনা জানান, ব্যক্তিগত কারণে তিনি নিজেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি ইউক্রেন সরকারে বড় ধরনের রদবদল চলছে। এর মধ্যে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে ইউক্রেনের কূটনৈতিক মিশন ও রাষ্ট্রদূতদের মধ্যেও পরিবর্তন আনার প্রস্তুতি চলছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে স্টেফানিশিনা বলেন, দায়িত্ব পালনকালে তিনি গুরুত্বপূর্ণ অনেক কাজ সম্পন্ন করেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ ইউক্রেনের অনুকূলে না থাকলেও তিনি মার্কিন অস্ত্র সহায়তা বাড়াতে এবং ওয়াশিংটনের সমর্থন ধরে রাখতে ভূমিকা রেখেছেন।
ইউক্রেনের সরকারি সম্প্রচারমাধ্যম সাসপিলন জানায়, স্টেফানিশিনা সাংবাদিকদের বলেছিলেন যে প্রেসিডেন্ট জেলেনস্কি তার পদত্যাগ চাননি।
যদিও পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে জানান, তার দায়িত্ব ছাড়াকে ঘিরে গণমাধ্যমে যে প্রশ্ন উঠেছে, সেগুলোরও তিনি সময়মতো ব্যাখ্যা দেবেন। ইউক্রেনের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, গত মাসেই তিনি প্রেসিডেন্টকে পদ ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
এদিকে ওলহা স্টেফানিশিনার সম্পদের পরিমাণ তথ্যের অনিয়মের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলার বিষয়টিও আলোচনায় রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









