হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ছয়টি শর্ত দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জোলঘাদর। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রতি তার আচরণ পরিবর্তন না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ থাকবে।
শনিবার (৮ আগস্ট) প্রকাশিত এক বার্তায় জোলঘাদর বলেন, “যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না।”
যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তনের জন্য তিনি যে ছয়টি শর্ত দিয়েছেন, সেগুলো হলো:
১. কোনোভাবেই ইরানকে হুমকি দেওয়া বা দেশটির পবিত্র মূল্যবোধ ও বিশ্বাসকে অপমান করা যাবে না।
২. ইরান এবং লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে থাকা ইরানের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
৩. ইরানের ওপর নৌ অবরোধ তুলে নিতে হবে এবং ইরানের আশপাশ থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান বাহিনী প্রত্যাহার করতে হবে।
৪. আগ্রাসন ও চাপিয়ে দেওয়া দুই যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে, তার পুরো ক্ষতিপূরণ দিতে হবে; কোনো অর্থ কমানো যাবে না।
৫. ইরানের জনগণের ওপর আরোপ করা ‘অন্যায় ও অবৈধ’ নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
৬. ইরানের জনগণের আটকে থাকা ও জব্দ করা সম্পদ কোনো শর্ত ছাড়াই ছেড়ে দিতে হবে।
জোলঘাদর বলেন, এগুলো ইরানের জনগণের দাবি। গত ১৬০ দিন ধরে যুদ্ধক্ষেত্র ও রাজপথে তাদের অব্যাহত উপস্থিতির মাধ্যমে তারা এসব দাবি জানিয়ে আসছেন।
তিনি আরো বলেন, যুদ্ধ হোক বা আলোচনা—ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ কখনোই এসব অবস্থান থেকে সরে আসবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









