মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন করে ডিজেল মজুত থেকে জ্বালানি ছাড়ছে না ফ্রান্স ও জার্মানি। দেশ দুটি মার্চে দেওয়া আগের প্রতিশ্রুতির আওতায় থাকা মজুত থেকেই ডিজেল ছাড়বে। ফলে জ্বালানির বৈশ্বিক দাম কমাতে জি-৭-এর সাম্প্রতিক প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি কর্মকর্তাদের এক বৈঠকে বিষয়টি উঠে আসে। বৈঠকের বিষয়ে অবগত দুই কূটনীতিকের বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, ফ্রান্স ও জার্মানি নতুন করে কোনো মজুত যোগ না করে মার্চের প্রতিশ্রুতির বাকি অংশ থেকে ডিজেল ছাড়ার কথা জানিয়েছে।
শুক্রবার জি-৭ দেশগুলো আগামী ২০ দিনের মধ্যে ‘উল্লেখযোগ্য’ পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়। বিশ্ববাজারে জ্বালানির দাম কমানোই এর লক্ষ্য। এর আগে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইউরোপীয় দেশগুলো মজুত না ছাড়লে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছিলেন।
মার্চে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মধ্যস্থতায় ইউরোপীয় দেশগুলো মোট ১০ কোটি ব্যারেল তেল ও পরিশোধিত জ্বালানি বাজারে ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর প্রায় দুই-তৃতীয়াংশ ছিল পরিশোধিত জ্বালানি।
জার্মানি এ পর্যন্ত প্রতিশ্রুত ২৬ লাখ ৫০ হাজার টন তেল, ডিজেল ও জেট জ্বালানির মধ্যে প্রায় ৬ লাখ টন বাজারে ছেড়েছে। আর ফ্রান্স মার্চে ১ কোটি ৪৬ লাখ ব্যারেল তেলজাত পণ্য ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। দেশটি এখনো প্রায় ৮০ লাখ ব্যারেল ছাড়তে পারে বলে সংশ্লিষ্ট কূটনীতিকেরা জানিয়েছেন।
তবে ফ্রান্স অতিরিক্ত ২০ লাখ ব্যারেল ডিজেল ছাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে। যদিও এ বিষয়ে তারা এখনো স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। জার্মানি অবশ্য জানিয়েছে, আপাতত নতুন কোনো জ্বালানি মজুত থেকে ছাড়া হবে না।
জার্মানির অর্থনীতি ও জ্বালানি মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মার্চের প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করতে আইইএর মাধ্যমে ১০ কোটি ব্যারেল সমন্বিতভাবে বাজারে ছাড়া হবে। এখন পর্যন্ত নতুন কোনো পরিমাণ যোগ করার সিদ্ধান্ত হয়নি।
এদিকে ইউরোপের কয়েকটি দেশ মজুত কমিয়ে ফেলার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। বিশেষ করে বুলগেরিয়ার মতো পূর্ব ইউরোপের দেশগুলোর আশঙ্কা, সরবরাহ সংকট দেখা দিলে পর্যাপ্ত মজুত না থাকায় তারা ঝুঁকিতে পড়তে পারে। এ পরিস্থিতিতে আইইএর একটি বিশেষ বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









