ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘাত তীব্র হয়ে ওঠার প্রেক্ষাপটে এবার সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার পরিচালিত এসব হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এর মধ্যে একটি হামলা হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে। আরেকটি হামলা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের আবহা শহরের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে।
বুধবার সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় একজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। আর আভা বিমানবন্দরে আরেক হামলায় দুইজন নিহত ও আরও ২৮ জন আহত হয়েছেন।
অন্যদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় একজন বিদেশি নিহত হয়েছেন। তিনি সুদানের নাগরিক। হামলায় আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনই সৌদি আরবের নাগরিক।
হামলায় হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
কোন বিমানবন্দরে কখন হামলা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, গতকাল আর আজ এসব হামলা হয়েছে।
সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গালফ কো–অপারেশন কাউন্সিল (জিসিসি)।
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে চলমান সৌদি জোটের অভিযান ঘিরে সংকটময় পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিমানবন্দরে এসব হামলার ঘটনায় সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রিয়াদের মার্কিন দূতাবাস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









