গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এ অঞ্চলটি দখল নিতে যেসব দেশ তার পরিকল্পনায় সমর্থন দিতে অস্বীকৃতি জানাবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজে আয়োজিত একটি স্বাস্থ্যবিষয়ক গোলটেবিল আলোচনায় এই হুমকি দিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি দেশগুলো গ্রিনল্যান্ডের বিষয়ে আমাদের সঙ্গে একমত না হয়, তাহলে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন।’
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই বারবার গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, প্রতিরক্ষা গুরুত্ব ও বিপুল খনিজ সম্পদের কথা উল্লেখ করে এই দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন, যা ডেনমার্কে ক্ষোভের জন্ম দিয়েছে।
তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ রক্ষা পাবে। কারণ, আর্কটিক অঞ্চলে এর কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সেখানে উচ্চপ্রযুক্তি খাতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিপুল খনিজ সম্পদ রয়েছে।
এছাড়াও, এই দ্বীপ দখল করার জন্য তিনি সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করে দেননি।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









