ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় বলে উল্লেখ করেন তিনি।
প্রেস সচিব বলেন, ‘এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে বলে বৈঠকে জানানো হয়। অনেক সময় ভোট গণনা দেরি হলে অনেক গুজব তৈরি হয়। আজকে এই বিষয়ে জানানো হয়। কারণ, এখানে শুধুমাত্র তো নির্বাচন হচ্ছে না, সঙ্গে একটা গণভোট হচ্ছে। ফলে দুইটা ভোট গণনায় একসঙ্গে শুরু হবে। এর সঙ্গে আছে পোস্টাল ব্যালট। এজন্য কিছুক্ষেত্রে ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে।’
শফিকুল আলম বলেন, ‘এই বছর অনেক কিছু নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে, খুব ভালোভাবে ভোট গণনা হোক, সেক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে ভোট গণনায়।’
তিনি আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার, ২১ জানুয়ারি মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।’
তিনি নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে জানিয়েছেন, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে। তাই ৩০০ আসনেই নির্বাচন হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









