প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে তারেক রহমানের মালয়েশিয়া যাওয়ার সূচি ঠিক হওয়ার কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। মালয়েশিয়া সফর শেষ করে তিনি চীনে যাবেন বলে এসব কর্মকর্তা বলেছেন।
তাদের ভাষ্য, ২১ থেকে ২২ জুন প্রধানমন্ত্রী কুয়ালালামপুর সফর করবেন। ঈদের ছুটির মধ্যে হওয়া এই সিদ্ধান্তের আলোকে প্রস্তুতি পর্ব সারছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ২৩ থেকে ২৬ জুন সরকারপ্রধানের চীন সফরের দিনক্ষণ ঠিক হওয়ার কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দুটি সফর ঠিক হয়েছে। তবে প্রধানমন্ত্রী কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাবেন, নাকি ঢাকায় ফিরে বেইজিং যাবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, চীন এবং মালয়েশিয়ার সঙ্গে বিস্তৃত সম্পর্ক রয়েছে বাংলাদেশের। দুই সফরের আলোচ্যসূচি ঠিক করার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা হবে।
প্রায় ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক প্রথম বিদেশ সফরে কোথায় দেশে যান, তা নিয়ে গত তিন মাস নানা আলোচনা চলছিল।
বিএনপির নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতোমধ্যে ভারত এবং চীন সফর করেছেন। কিন্তু সরকারপ্রধান প্রথম সফর কোথায় হয়, তা জানতে অপেক্ষা করতে বলে আসছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা।
৫ মে একটি বৈঠক শেষে করা প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও প্রধানমন্ত্রীর প্রথম সফর কোথায় হবে, সে বিষয়ে খোলাখুলি কিছু বলেননি। তবে ভারত কিংবা চীনে হতে পারে বলে একটা ধারণা দেন।
২৩ জুন তারেক রহমানের চীন সফরের তারিখ ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে কিনা, এমন প্রশ্ন করা হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকেও।
উত্তরে তিনি বলেন, “এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই, আপনাদের অপেক্ষা করতে হবে। যখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত হবে, তখন প্রধানমন্ত্রীর মুখপাত্র আপনাদেরকে জানাবেন।”
ইতোমধ্যে দিল্লি সফরের জন্য প্রধানমন্ত্রী তারেককে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের সম্পর্কোন্নয়ন এবং রাজনৈতিক বোঝাপড়া ঠিক করার চেষ্টার অংশ হিসেবে সরকারপ্রধানের দিল্লি সফরের কোনো অগ্রগতি আছে কিনা, এমন প্রশ্নও করা হয়েছিল শামা ওবায়েদকে।
উত্তরে তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে এখন ব্যস্ত আছেন প্রধানমন্ত্রী। তার বিদেশ সফরগুলো পর্যায়ক্রমে শুরু হবে, ভারতেও হবে।
“সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। শুধু ভারত না, সাউথ এশিয়ার সার্কভুক্ত সব দেশেই মাননীয় প্রধানমন্ত্রীর সফর হবে এবং সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









