বিদ্যুতের দাম বৃদ্ধির পরপরই ‘লাইফলাইন’ ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। এই দুই শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে পুরোনো দর বহাল রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
এ লক্ষ্যে পিডিবি ইতোমধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কাছে একটি রিভিউ আবেদন জমা দিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, পিডিবির পক্ষ থেকে আবেদনটি পাওয়া গেছে এবং এটি দ্রুত পর্যালোচনা করা হবে। বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, যেহেতু প্রস্তাবটি গ্রাহকদের স্বার্থসংশ্লিষ্ট এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। অল্প সময়ের মধ্যেই কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
উল্লেখ্য, এর আগে বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। এতে লাইফলাইন গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। পাশাপাশি প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিটের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









