গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের ব্যবধানে কয়েক দফা জ্বালানির দাম বাড়িয়েছে। অথচ অনেক এলাকায় গ্যাস সরবরাহ না থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জের সংঘর্ষে আহত হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারানো আলিফ চৌধুরীর খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আহত আলিফের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘‘আগামীকাল (শনিবার) বোর্ড মিটিংয়ের পরে আলিফের স্বাস্থ্যের ব্যাপারে জানাবেন চিকিৎসক।’’
হবিগঞ্জে দলীয় এনসিপি নেতাকর্মীদের হামলার শিকার হওয়া নিয়ে বিএনপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন দলটির আহ্বায়ক। বলেছেন, ‘‘হামলাকারীর বিরুদ্ধে কোনও সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। সরকার বার্তা দিলো, ছাত্রদল যুবদল চাইলে যে কাউকে মারতে পারে তার কোন প্রতিবাদ হয় না। এলাকায় গেলে সরকারী দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায়।’’
নাহিদ অভিযোগ করেন, ‘‘সন্ত্রাস চাদাবাজ ও দখলদারিত্বে চারদিকে ছেয়ে গিয়েছে। ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে।’’ যদিও তিনি কোন ১২টি প্রতিষ্ঠানের দিকে ইঙ্গিত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এনসিপি নেতা সতর্ক করে বলেছেন, ‘‘সরকার খুব শিগগিরই জনগনের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। জনগণ যাতে প্রস্তুত হয়, সরকারের এমন আচরণ আমরা কখনোই মেনে নিব না।’’
প্রধানমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলে নাহিদ ইসলাম বলেছেন, ‘‘তারেক রহমান দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









