নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রবিবার (৯ আগস্ট) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সুচারু ও সফলভাবে সম্পন্ন করতেই এসব কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিগুলোর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে রয়েছে সমন্বয় কমিটি।
প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে গঠন করা হয়েছে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি।
সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে থাকবে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি।
এ ছাড়া কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আসন ব্যবস্থাপনা কমিটি এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী এসব কমিটিতে কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে। আদেশ পাওয়ার পর কমিটিগুলো দ্রুত সভা করে নিজেদের কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
এ ছাড়া উপকমিটির আহ্বায়কদের তাদের কার্যক্রম নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করতে এবং প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









