লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ (৪৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। বহু বছর ধরে তিনি মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি তাকে গুলি করেছেন। মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও বিভিন্নভাবে খোরশেদকে হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তারা।
জানতে চাইলে ৫ নং পার্বতীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন এদিন প্রতিবেদককে জানান, নিহত খোরশেদ ও অভিযুক্ত ওয়ালিদ দুইজনেই মাটির ব্যবসা নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব ছিল। তাদের কৃতকর্মে দল ও স্থানীয়রা ক্ষুব্ধ।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হাসান রনি বলেন, ‘‘খোরশেদকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তার বুকে ক্ষতচিহ্ন রয়েছে, যা গুলির আঘাতের মতো মনে হচ্ছে।’’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, ‘‘খোরশেদ নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









