মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুরে বিনা মূল্যে চক্ষু শিবিরে চিকিৎসাসেবা পেয়েছেন তিন শতাধিক রোগী। তাদের মধ্যে ২৯ জনের ছানি অস্ত্রোপচার ও লেন্স সংযোজনের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত শাহবাজপুর আইডিয়াল একাডেমিতে এ শিবির অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং শাহবাজপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। শিবিরে রোগীদের বিনা মূল্যে চশমাসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়।
চিকিৎসাসেবা নেওয়া রোগীদের মধ্য থেকে ২৯ জনকে অস্ত্রোপচারের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের অস্ত্রোপচার, যাতায়াত, থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয় বহন করবে শাহবাজপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।
শিবিরে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সেক্রেটারি কাওছার হামিদ সুন্নাহসহ শাহবাজপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতারা।
মাওলানা বদরুল ইসলাম বলেন, রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচারের সব ব্যয় বহন করা হবে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া এবং রোগীদের সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









