আমরা মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমরা কোন দিকে এগোচ্ছি সেটা যদি দেখেন, আমি বলব আমরা সফল হয়েছি-এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গৃহীত কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাজারে সব পণ্যের দামের ঊর্ধ্বগতি এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার হিসেবে সার্থক হয়েছেন নাকি ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিচ্ছেন-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিচ্ছি না, মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না।
আমরা মনে করি মাছের দাম বেশি-কিন্তু আসলে আমাদের কাজ দামের পর্যায়ে নয়। আমাদের কাজ হলো উৎপাদন ও আহরণ নিশ্চিত করা এবং এটিকে নিরাপদ করা। বাজারে দামের বিষয়টি সত্যি বলতে গেলে, আমাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না।
তিনি বলেন, আরও অনেক এক্সটার্নাল ফ্যাক্টর আছে, যেগুলোর কারণে দাম বাড়ে। ফলে ওই দামের ব্যর্থতার দায়িত্ব আমি নেব না। গরুর মাংসের দামের ক্ষেত্রেও বিষয়টি উৎপাদনের সঙ্গে জড়িত। আমরা চেয়েছি, আমাদের দেশে যা উৎপাদন হয়, তা দিয়েই যেন চাহিদা মেটানো যায়।
উপদেষ্টা বলেন, এখনও খামারিদের প্রায় ৭০ শতাংশ খরচ বাড়ে খাদ্যের কারণে। আমরা সেখানে কাজ করছি। কস্ট অব প্রোডাকশন যদি আমরা কমাতে পারি, তাহলে সুফল পাওয়া যাবে। তবে এই ১৫ মাস বা ১৬ মাসের মধ্যে বড় ধরনের সমস্যার সমাধান আশা করলে তা সম্ভব নয়। আমাদের কাজ উৎপাদন নিরাপদ করা-যেটা আমরা করতে পেরেছি। আমরা কোন দিকে এগোচ্ছি সেটা যদি দেখেন, আমি বলব আমরা সফল হয়েছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









