বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন তিনি। শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত রয়েছেন।
এ ছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিক, তিন বাহিনীর প্রধান, সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শুরুতেই বাজানো হয় জাতীয় সংগীত। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শপথের মূল আনুষ্ঠানিকতা।
শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এরপর উপস্থিত অতিথিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
রাষ্ট্রপতির শপথ এবং নতুন মন্ত্রীদের শপথকে ঘিরে পুরো বঙ্গভবন এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মূল ভবনসহ বঙ্গভবনের বিভিন্ন অংশ নতুন সাজে সাজানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









