তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে যেন দায়িত্ব পালন করতে পারেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, তিনি দায়িত্ব পেয়েছেন এবং রোববার থেকে মন্ত্রণালয়ে অফিস করা শুরু করবেন। মন্ত্রণালয়ে গিয়ে কাজের পরিধি ও বাস্তব সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে বলেও জানান তিনি।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘‘আমি তো আসলে দায়িত্ব পেয়েছি। কাল থেকে অফিস করা আরম্ভ করবো। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং প্র্যাকটিক্যালি কী কী প্রবলেম আছে।’’
তিনি বলেন, সবাই সহযোগিতা করলে এবং দেশবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলে দায়িত্ব ভালোভাবে পালন করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘‘আমার বিশ্বাস, ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে ভালোভাবেই কাজ করতে পারবো।’’
এ সময় দেশবাসীর কাছে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য দোয়া কামনা করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









