অ্যাডভেঞ্চার, হাইকিং আর মেঘ-পাহাড়ের দৃশ্য যাদের পছন্দ, তাদের জন্য অক্টোবর-নভেম্বর ট্রেকিংয়ের আকর্ষণীয় সময়। তবে এ সময়ে পাহাড়ের আবহাওয়া দ্রুত বদলে যেতে পারে। উচ্চতা বাড়ার সঙ্গে কমতে পারে তাপমাত্রাও। তাই ট্রেকিংয়ে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়গুলো জেনে নেওয়া জরুরি।
পোশাক ও আবহাওয়ার প্রস্তুতি
পাহাড়ে তাপমাত্রা কমে গেলে শরীর দ্রুত ঠান্ডা হয়ে যেতে পারে। এ কারণে ফ্লিস জ্যাকেট, রেইন জ্যাকেট, টুপি ও গ্লাভস সঙ্গে রাখুন। শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া বা হাইপোথার্মিয়া এড়াতে আবহাওয়ার পূর্বাভাস জেনে যাত্রা শুরু করুন।
সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জেনে নিন
ট্রেকিংয়ের পরিকল্পনা করার সময় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিবেচনায় রাখুন। পাহাড়ি পথে অন্ধকার নেমে এলে চলাচল কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই সঙ্গে হেডল্যাম্প ও অতিরিক্ত ব্যাটারি রাখুন।
পানির উৎস সম্পর্কে নিশ্চিত হোন
যাত্রার আগে স্থানীয় কর্তৃপক্ষ, রেঞ্জার স্টেশন বা সাম্প্রতিক ট্রেকিং প্রতিবেদন থেকে পানির উৎস সম্পর্কে জেনে নিন। পর্যাপ্ত পানি সঙ্গে রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পানি পরিশোধনের ফিল্টার ব্যবহার করুন।
পিচ্ছিল পথে সাবধানে চলুন
শুকনো পাতা পাহাড়ি পথের পাথর ও গাছের শিকড় ঢেকে রাখতে পারে। আবার ভেজা পাতায় পা পিছলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই ধীরে ও সতর্কভাবে চলুন। পথের ধরন অনুযায়ী ট্রেকিং পোল ব্যবহার করলে ভারসাম্য বজায় রাখতে সুবিধা হতে পারে।
শরীরকে প্রস্তুত করুন
খাড়া ও দুর্গম পথে ওঠার আগে হালকা ব্যায়াম বা ওয়ার্ম-আপ করে নিন। এতে শরীরকে পরিশ্রমের জন্য প্রস্তুত করা যায়। নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী গতি বজায় রাখুন এবং প্রয়োজনমতো বিশ্রাম নিন।
দল ও গাইডের সঙ্গে থাকুন
অভিজ্ঞ ট্র্যাকার বা স্থানীয় গাইডের নির্দেশনা মেনে চলুন। কোনো অবস্থাতেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে একা এগিয়ে যাবেন না। দুর্গম পথে তাড়াহুড়ো করা বা দৌড়ানো এড়িয়ে চলুন। আবহাওয়া খারাপ হলে কিংবা পথ বিপজ্জনক মনে হলে যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নিন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









