সৌদি আরবে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। যাত্রীবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তারা হলেন- করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দরে যাওয়ার পথে আকস্মিক এ দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেট কর্মকর্তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর জন্য তৎপরতা চালাচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









