মেগা প্রকল্পগুলোতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সরকারের সুপারিশ ও পরামর্শ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।
সম্পূরক প্রশ্নে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে নেওয়া বিভিন্ন মেগা প্রকল্পে ঠিকাদারদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করা হয়েছিল। বিপুল পরিমাণ ঋণের অর্থে বাস্তবায়ন করা এসব প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বাড়ানো নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। ওই সময়ে সাধারণ মানুষের মধ্যে ‘মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি’—এমন কথাও প্রচলিত ছিল।
তিনি জানতে চান, অতিরঞ্জিত ব্যয়ের অভিযোগের বিষয়ে বর্তমান সরকার কোনো তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কি না।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন মেগা প্রকল্পের বিষয়ে অনিয়ম ও দুর্নীতির আলামত সরকারের নজরে এসেছে। যেসব প্রকল্পে এমন অভিযোগ বা আলামত পাওয়া গেছে, সেগুলো ইতোমধ্যে তদন্তের আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, বেশ কয়েকটি প্রকল্পের তদন্ত এরই মধ্যে শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত প্রতিবেদন সরকারের হাতে পাওয়ার পর সুপারিশ ও পরামর্শ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









