জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এই দায়িত্বের মধ্য দিয়ে তথ্য, গণমাধ্যম ও সম্প্রচার খাতের নীতি ও সংসদীয় নজরদারিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।
সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সংসদে গৃহীত হয়।
কমিটিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানকে সভাপতি করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি শুধু একটি সংসদীয় কমিটি নয়; তথ্য ও সম্প্রচার খাতের কার্যক্রম পর্যালোচনা, মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ফলে ড. শফিকুল ইসলাম মাসুদের সামনে এখন গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ, সম্প্রচারব্যবস্থার আধুনিকায়ন, সাংবাদিকদের পেশাগত পরিবেশ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সংসদীয় আলোচনায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
জাতীয় পর্যায়ে নতুন এই দায়িত্বের পাশাপাশি নির্বাচনি এলাকার মানুষের প্রত্যাশাও বেড়েছে তার প্রতি।
স্থানীয়দের প্রত্যাশা, সংসদীয় কমিটিতে দায়িত্ব পালনের পাশাপাশি বাউফলের দীর্ঘদিনের সমস্যা—নদীভাঙন, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত সংকট—নিয়ে তিনি জাতীয় পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন ড. শফিকুল ইসলাম মাসুদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









