শিক্ষা খাতে আরও বরাদ্দের দাবিতে বৃহস্পতিবার ফ্রান্সজুড়ে আবার অবরোধ শুরু করেছে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের ডেকেছেন।
লে পারিজিয়াঁর খবর অনুযায়ী, জেফ্রে তিনটি উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সংগঠনকে মন্ত্রণালয়ে ডেকেছেন। সংগঠনগুলো হলো ইউনিয়ন সিন্দিক্যাল লিসেয়েন (ইউএসএল), রনুভো লিসেয়েন এবং লিসেয়েঁ!। বৈঠক স্থানীয় সময় বিকেল ৩টায় (গ্রিনিচ মান ১৩টা)। সেখানে উচ্চশিক্ষামন্ত্রী ফিলিপ বাপতিস্তেরও থাকার কথা।
প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকরনু বুধবার সন্ধ্যায় অক্টোবরের শেষ নাগাদ প্রথম কিছু পদক্ষেপ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর পরও আন্দোলন চলছে।
শিক্ষার্থীরা প্যারিসের বেশ কয়েকটি স্কুল অবরোধ করেছে। অবরোধের কারণে পঁতেওঁ-আসাস বিশ্ববিদ্যালয় সকালের ক্লাস বাতিল করেছে। বিঘ্ন ঘটার উচ্চ ঝুঁকির কথা জানিয়ে লুমিয়ের লিয়ঁ ২ বিশ্ববিদ্যালয় দিনের জন্য তিনটি ক্যাম্পাস বন্ধ রেখেছে।
আঞ্জে শহরের উচ্চমাধ্যমিক স্কুলগুলোতেও অবরোধের খবর পাওয়া গেছে। সেখানে জ্বলন্ত ময়লার ঝুড়ির আগুন নেভাতে দমকলকর্মীরা হস্তক্ষেপ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ২২৪টি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ এবং ১৫১টি আংশিকভাবে ব্যাহত থাকবে। বুধবার একই সময়ের পূর্বাভাসের তুলনায় প্রভাবিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩০ শতাংশ কম।
শিক্ষার্থী সংগঠনগুলো ইল-দ্য-ফ্রাঁস অঞ্চলের প্রিফেকচারের সামনে সমাবেশের ডাক দিয়েছে। এরপর বিকেল ৩টায় প্যারিসের প্লাস দ্য লা বাস্তিয়ে জমায়েত হবে। এসএনইএস-এফএসইউ, সিজিটি, এফও ও সুদসহ বেশ কয়েকটি শিক্ষক ইউনিয়ন ধর্মঘট ও বিক্ষোভের একটি দিনের প্রতি সমর্থন জানিয়েছে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ে আরও আড়াই লাখ আসন এবং পারকুরসুপ ভর্তি প্ল্যাটফর্মের মাধ্যমে বাছাই প্রথার অবসান।
ইউএসএলের সভাপতি রিয়াদ রানি আগামী সপ্তাহে লেকরনুর সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘‘শিক্ষার্থী প্রতিনিধিদের কাছে ব্যয়ের হিসাবসহ প্রস্তাব আছে।’’
জাতীয় পরিষদের স্পিকার ইয়ায়েল ব্রঁ-পিভে বিক্ষোভকারী ও পুলিশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের উদ্বেগের জবাব দেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি।
সরকারি মুখপাত্র মোদ ব্রেজেওঁ সরকারের শিক্ষা পরিকল্পনার পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘‘আগামী বছরের জন্য জাতীয় শিক্ষায় ৬৪ বিলিয়ন ইউরো (প্রায় ৭২ বিলিয়ন ডলার) বরাদ্দ করা হয়েছে।’’
সূত্র: আনাদোলু


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









