বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রধানমন্ত্রীর নির্দেশে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাল বাংলাদেশ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাল বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।

আজ (২৩ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি জানাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার জন্য জরুরি ওষুধ ও সরঞ্জাম কেনার জন্য গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন।

অনুষ্ঠানে সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি।’

সহায়তা গ্রহণকালে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশ ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই দুঃসময়ে সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির বলেন, ‘রেড ক্রিসেন্ট বিশ্বজুড়ে বিপদগ্রস্ত মানুষের পাশে কাজ করে। যুদ্ধকালীন সময়ে ইরানের জনগণের জন্য এই সহায়তায় অংশ নেওয়া আমাদের দায়িত্ব।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.