জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বর্তমানে বিশ্বজুড়ে দৃশ্যমান। বিশ্বের ধনী দেশগুলোর অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। ফলে, গ্রিনহাউস প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে বৈশ্বিক তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই বৈজ্ঞানিক সংকটের কারণে দরিদ্র দেশগুলো প্রতিনিয়ত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। তাই বৈশ্বিক জলবায়ু সুরক্ষা ও ন্যায্যতার লক্ষ্যে এই আন্তর্জাতিক কপ সম্মেলন।
উন্নত শিল্পোন্নত দেশগুলোর অনিয়ন্ত্রিত শিল্পায়ন ও অতিরিক্ত কার্বন নির্গমনের ফলে বৈশ্বিক বায়ুমণ্ডল মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বর্তমানে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের গড় ঘনত্ব প্রায় ৪২৬ দশমিক ৮ পিপিএম-এ পৌঁছেছে। এই অতিরিক্ত গ্যাস তাপ আটকে রেখে পৃথিবীকে উত্তপ্ত করছে। এর ফলে জলবায়ুর ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হচ্ছে। ধনী দেশগুলোর এই বিলাসবহুল কর্মকাণ্ডের কারণে দরিদ্র রাষ্ট্রগুলো চরম অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়ছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বর্তমান হার শিল্পায়নের পূর্ববর্তী যুগের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার পথে রয়েছে। তাপমাত্রা এভাবে বৃদ্ধি পাওয়ার ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় নিচু দেশগুলো তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। উন্নত দেশগুলোর অতি নির্গমনের এই বৈজ্ঞানিক ও বাস্তব দায়বদ্ধতা থেকেই কপ সম্মেলনের সূচনা ঘটে। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে ক্রান্তীয় অঞ্চলে তীব্র ঘূর্ণিঝড়, খরা এবং আকস্মিক বন্যার প্রকোপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জলবায়ুর এই চরম আচরণের কারণে দরিদ্র দেশগুলোর কৃষিব্যবস্থা, নিরাপদ পানির উৎস এবং জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অথচ এই দেশগুলোর বৈশ্বিক নির্গমনে অবদান নগণ্য। এই চরম জলবায়ুজনিত অন্যায় দূর করতে এবং ধনী দেশগুলোর আর্থিক ও নৈতিক জবাবদিহি নিশ্চিত করতেই মূলত কপ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম কপ সম্মেলন জার্মানির বার্লিনে ১৯৯৫ সালে অনুষ্ঠিত হয়। এতে অংশীজনদের দায়িত্ব নির্দিষ্ট করা হলেও কার্বন নির্গমন হ্রাসের কোনো বাস্তব বাধ্যবাধকতা ছিল না। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে সুইজারল্যান্ডের জেনেভায় কপ-২ এবং ১৯৯৭ সালে জাপানের কিয়োটোতে ঐতিহাসিক কপ-৩ অনুষ্ঠিত হয়। কিয়োটো প্রটোকল কপ-৩-এর বড় প্রাপ্তি হলেও প্রধান নির্গমনকারী দেশগুলোর অনীহায় তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ১৯৯৮ সালে কপ-৪ এবং ১৯৯৯ সালে জার্মানির বোনে কপ-৫ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০০০ সালে নেদারল্যান্ডসের হেগে কপ-৬ সম্মেলন আয়োজিত হয়। এই সম্মেলনগুলোতে কিয়োটো প্রটোকল বাস্তবায়নের বিভিন্ন নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা চলে। তবে, উন্নত দেশগুলোর অসহযোগিতার কারণে নির্গমন হ্রাসের চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।
মরক্কোর মারাকেশে ২০০১ সালে কপ-৭ অনুষ্ঠিত হয় যেখানে মারাকেশ অ্যাকর্ডস গৃহীত হয়। এরপর ২০০২ সালে ভারতের নয়াদিল্লিতে কপ-৮ এবং ২০০৩ সালে ইতালির মিলানে কপ-৯ সম্মেলন সম্পন্ন হয়। এই সম্মেলনগুলোর মাধ্যমে দরিদ্র দেশগুলোর জন্য অভিযোজন তহবিল গঠনপ্রক্রিয়া শুরু হয়। তবে, তহবিলে অর্থের পরিমাণ ছিল অত্যন্ত সীমিত, যা ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাস্তব চাহিদা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়।
আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ২০০৪ সালে কপ-১০ এবং ২০০৫ সালে কানাডার মন্ট্রিয়লে কপ-১১ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৬ সালে কেনিয়ার নাইরোবিতে কপ-১২ সম্মেলন আয়োজিত হয়। এই পর্যায়ে কিয়োটো প্রটোকল আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া ছিল একটি বড় প্রাপ্তি। তবে, উন্নত দেশগুলোর পক্ষ থেকে দরিদ্র দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর এবং পর্যাপ্ত পরিবেশবান্ধব অর্থায়নের প্রতিশ্রুতিগুলো অধরাই থেকে যায়।
ইন্দোনেশিয়ার বালিতে ২০০৭ সালে কপ-১৩ অনুষ্ঠিত হয় যেখানে বালি রোডম্যাপ প্রণয়ন করা হয়। এরপর ২০০৮ সালে পোল্যান্ডের পোজনানে কপ-১৪ এবং ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে বহুল আলোচিত কপ-১৫ অনুষ্ঠিত হয়। কোপেনহেগেন সম্মেলনে উন্নত দেশগুলো দীর্ঘমেয়াদি জলবায়ু তহবিলের রাজনৈতিক প্রতিশ্রুতি দিলেও কোনো আইনি বাধ্যবাধকতামূলক চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় তা বড় ব্যর্থতা হিসেবে গণ্য হয়।
মেক্সিকোর কানকুনে ২০১০ সালে কপ-১৬ অনুষ্ঠিত হয় যেখানে সবুজ জলবায়ু তহবিল গঠনের সিদ্ধান্ত হয়। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে কপ-১৭ এবং ২০১২ সালে কাতারের দোহায় কপ-১৮ সম্মেলন সম্পন্ন হয়। ডারবান প্ল্যাটফর্মের মাধ্যমে একটি নতুন বৈশ্বিক চুক্তির ভিত্তি স্থাপিত হয়। তবে, উন্নত দেশগুলোর অর্থায়নে গড়িমসি এবং নির্গমন কমানোর দুর্বল সদিচ্ছার কারণে কার্যকর অগ্রগতি থমকে থাকে।
পোল্যান্ডের ওয়ারশতে ২০১৩ সালে কপ-১৯ অনুষ্ঠিত হয় যেখানে ক্ষয়ক্ষতি বিষয়ক ওয়ারশ আন্তর্জাতিক প্রক্রিয়া শুরু হয়। ২০১৪ সালে পেরুর লিমাতে কপ-২০ এবং ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে ঐতিহাসিক কপ-২১ অনুষ্ঠিত হয়। প্যারিস চুক্তির মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত হয়। তবে, সদস্য দেশগুলোর জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি লক্ষ্যমাত্রাগুলো ছিল নিতান্তই অপর্যাপ্ত।
মরক্কোর মারাকেশে ২০১৬ সালে কপ-২২ এবং ২০১৭ সালে জার্মানির বোনে কপ-২৩ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তীকালে ২০১৮ সালে পোল্যান্ডের কাটোউইচে কপ-২৪ সম্মেলন আয়োজিত হয়। এই সম্মেলনগুলোতে প্যারিস চুক্তির নিয়মাবলী বা রুলবুক চূড়ান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়। তবে, ধনী দেশগুলোর বাস্তব অর্থায়ন সংকটের কারণে অভিযোজন ও প্রশমন কার্যক্রমের বাস্তবায়ন গতি লাভ করতে পারেনি।
স্পেনের মাদ্রিদে ২০১৯ সালে কপ-২৫ এবং ২০২১ সালে যুক্তরাজ্যের গ্লাসগোতে কপ-২৬ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০২২ সালে মিশরের শার্ম আল-শেখে কপ-২৭ সম্পন্ন হয়। কপ-২৭ সম্মেলনে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর জন্য বহু প্রতীক্ষিত ক্ষয়ক্ষতি তহবিল বা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড গঠন করা হয়। তবে, কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে প্রধান দূষণকারী দেশগুলোর সদিচ্ছার অভাব ছিল স্পষ্ট।
বাংলাদেশ বিগত ৩০টি কপ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ভিকটিম হিসেবে বৈশ্বিক পরিমণ্ডলে সক্রিয় ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক দরকষাকষির ফলে ক্ষয়ক্ষতি তহবিল ও সবুজ জলবায়ু তহবিল গঠনে বাংলাদেশ অবদান রেখেছে। তবে, উন্নত দেশগুলোর কাছ থেকে বাস্তব ক্ষেত্রে পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন ও আধুনিক প্রযুক্তি লাভে বাংলাদেশ এখনো সাফল্য পায়নি।
তুরস্কের আনতালিয়ায় ২০২৬ সালের ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিধি দলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একই সাথে প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। প্রতিনিধি দলের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। এছাড়া কারিগরি ও কৌশলগত সমন্বয়ের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত সচিব নাভিদ সাইফুল্লাহ। বাংলাদেশের জলবায়ু তহবিলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলামও এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন।
কপ-৩১ সম্মেলনে অন্যতম প্রধান জলবায়ু ভিকটিম হিসেবে বাংলাদেশ অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশের সাথে সমন্বয় সাধন করছে। বাংলাদেশ এলডিসি গ্রুপ, জি-৭৭ এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের সাথে একযোগে কাজ করছে। এই বৃহৎ জোটের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ ও অনুদানভিত্তিক অর্থায়ন আদায়ের আন্দোলনে নেতৃস্থানীয় পর্যায়ে সফলভাবে উপনীত হতে সক্ষম হলেও হতে পারে।
বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ভূমিকা হওয়া উচিত উন্নত দেশগুলোর ঐতিহাসিক কার্বন নির্গমনের বৈজ্ঞানিক দায়বদ্ধতা আন্তর্জাতিকভাবে জোরালোভাবে উপস্থাপন করা। গঙ্গা চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বরে শেষ হতে চলায় অভিন্ন নদীগুলোর ন্যায্য পানির প্রবাহ নিশ্চিত করার দাবি তুলতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে আন্তর্জাতিক বৈশ্বিক ক্ষতিপূরণ আদায় করতে সচেষ্ট হতে হবে। এই সম্মেলনে নিজেদের অধিকার আদায় করতে হলে বাংলাদেশকে অবশ্যই ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জোরালো করতে হবে। দেশের উপকূলীয় সুরক্ষা, কৃষি ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তির অবাধ হস্তান্তর নিশ্চিত করতে হবে।
কপ-৩১-এর ব্লু জোনে বাংলাদেশের বিশেষায়িত পলিসি ফোরাম ও পরিবেশবান্ধব পাটের প্যাভিলিয়নের মাধ্যমে নিজস্ব সক্ষমতা প্রদর্শন করতে প্রচেষ্টা গ্রহণ করতে হবে। বৈজ্ঞানিক তথ্যমতে বাংলাদেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে মাত্র ০ দশমিক ০৫ শতাংশের জন্য দায়ী হলেও এর ক্ষতিকর প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের বিশাল জনগোষ্ঠী ক্রমাগত জলবায়ু শরণার্থীতে পরিণত হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে বৈজ্ঞানিক তথ্য ও উপাত্ত সহকারে ন্যায্য বিচার প্রতিষ্ঠা করা বাংলাদেশের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
বাংলাদেশকে জলবায়ু কূটনীতিতে অত্যন্ত সুসংহত ও সুশৃঙ্খল কৌশল নিয়ে আলোচনার টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে হবে। ক্ষয়ক্ষতি তহবিলের দ্রুত বাস্তবায়ন এবং বহুজাতিক তহবিলগুলোতে বাংলাদেশের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি তুলতে হবে। বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে প্রধান দূষণকারী দেশগুলোকে নতুন এনডিসি ৩ দশমিক ০ প্রণয়নে বাধ্য করতে উদ্যোগ গ্রহণ করতে হবে।
কপ-৩১ সম্মেলন বাংলাদেশের জন্য পরিবেশগত অস্তিত্ব রক্ষার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অনন্য ও ঐতিহাসিক সুযোগ। জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনসহ দেশের প্রাকৃতিক ও জীববৈচিত্র্যের যে ব্যাপক ক্ষতি হচ্ছে তা বিশ্বনেতাদের কাছে তুলে ধরতে হবে।
জলবায়ুর এই মহাসংকট মোকাবিলায় বাংলাদেশ বিশ্ববাসীর সঙ্গে এখনই একযোগে কাজ করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী রেখে যেতে হবে। ধনী দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের বাস্তবায়ন এবং অনুদানভিত্তিক সহায়তার মাধ্যমে দরিদ্র দেশগুলোর অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বৈশ্বিক সংহতি ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল এই ধরিত্রীকে রক্ষা করা সম্ভব হবে।
ধনী দেশের কার্বন তাপে পুড়ছে আজ ওড়িশা ধাম,
দরিদ্রের কান্নায় ভেজে জলবায়ুর মলিন নাম।
প্রতিশ্রুতির বন্যা বহে কাজের বেলায় ফাঁকি শুধু,
সবুজ ধরা হচ্ছে মরু বিশ্বজুড়ে মাঠ যে ধূ-ধূ।
কপ ৩১-এর মঞ্চে উঠুক ন্যায়ের বজ্রস্বর,
অধিকারের দাবিতে আজ এক হোক পর ও আপন ঘর।
নদী বাঁচুক, মানুষ বাঁচুক, বাঁচুক দেশের প্রাণ,
সুখের সুরে গাইব মোরা জলবায়ুর বিজয়ের গান।
পরিশেষে আশাবাদী হয়ে বলতে চাই, কপ-৩১ সম্মেলন বিশ্বজুড়ে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার আদায়ে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মানবসভ্যতাকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক উদ্যোগের কোনো বিকল্প নেই।
লেখক : প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









