গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। ব্যস্ততম মহাসড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান। তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
এদিকে নগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টেসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন। এছাড়াও কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে তারা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









