জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক অভিনব অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনি ‘থিম সং’ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে মাদুর পেতে এই থিম সং উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
থিম সং উদ্বোধনের আগে তিনি বলেন, ‘আমরা থিম সং লঞ্চ (উদ্বোধন) করতে চেয়েছি রাজপথ থেকে, যেখান থেকে আমাদের জন্ম। আর আমরা খুব ফ্যান্সিভাবে (জাঁকজমকপূর্ণভাবে) ফাইভ স্টার হোটেল ভাড়া করে সেলিব্রিটিদের এনে করতে পারিনি।’
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আরও বলেন, ‘আমরা মনে করছি, এখানে সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষজন আছেন। আমাদের হরিজন সম্প্রদায়ের মানুষজন আছেন এবং আমরা তাদের রিপ্রেজেন্ট করি। আমরা তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের থিম সং লঞ্চ করতে চেয়েছি। এমন কোনো জায়গায় লঞ্চ করতে চাইনি, যেখানে তাদের প্রবেশের অধিকার নেই।’
এনসিপির মুখপাত্র বলেন, ‘আমাদের পার্টি নির্বাচনে কী কী কনসেপ্ট নিয়ে আসছে এবং একই সঙ্গে শাপলা কলিকে পরিচিত করানো—এই সবকিছু মিলিয়ে আজকের এই থিম সং। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো আউটপুট (ফল) পেতে। আপনাদের সবার ভালো লাগবে এই প্রত্যাশা রাখছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









