১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষে ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে আয়োজিত লংমার্চের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে লংমার্চের বহরটি সেখানে পৌঁছালে হাজারো নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জনতার বাঁধভাঙা উচ্ছ্বাসের প্রতি সম্মান জানিয়ে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে নিজেদের অনঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। পরে কাশিয়ানীর পথসভা শেষে লংমার্চের বহরটি খুলনার উদ্দেশে রওনা হয়।
এর আগে এদিন সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই লংমার্চ শুরু হয়। এরপর সকাল ১০টায় শরীয়তপুরের নাওডোবায় পথসভায় অংশ নেয় বহরটি।
নির্ধারিত রুট অনুযায়ী লংমার্চের বহরটি খুলনার বাবরী চত্বর ও ফুলতলার স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালের পথসভায় যোগ দেওয়ার পর কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে। যাত্রাপথে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ ও সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন শীর্ষ নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









