ডাকসুর ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার সুযোগ নেই।
রবিবার (২২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে শফিকুর রহমান অভিযোগ করেন, রোববার রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়।
হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে জামায়াত আমির বলেন, দ্রুত হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্টরা একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে প্রধানত দায়ী করেন তিনি।
শফিকুর রহমান বলেন, সরকার এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








