‘দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজস্বরূপ’—স্বাধীনতা ও আত্মত্যাগের তাৎপর্য বোঝাতে বহুল ব্যবহৃত এই উক্তিটি স্কটিশ কবি টমাস ক্যাম্পবেলের। এর মূল ইংরেজি পঙ্ক্তি হলো, “The patriot's blood is the seed of Freedom's tree.”
এটি ক্যাম্পবেলের ‘স্ট্যানজাস টু দ্য মেমোরি অব দ্য স্প্যানিশ প্যাট্রিয়টস লেটেস্ট কিল্ড ইন রেজিস্টিং দ্য রিজেন্সি অ্যান্ড দ্য ডিউক অব অ্যাঙ্গুলেম’ কবিতার একটি পঙ্ক্তি। টমাস ক্যাম্পবেলের কবিতা-সংকলনগুলোর সূচিতেও কবিতাটি অন্তর্ভুক্ত রয়েছে।
স্পেনের দেশপ্রেমিকদের স্মরণে কবিতা
ক্যাম্পবেল এই কবিতায় স্পেনের স্বাধীনতার জন্য লড়াই করে নিহত দেশপ্রেমিকদের স্মরণ করেছেন। কবিতাটির নামেই স্পষ্ট, এটি স্প্যানিশ দেশপ্রেমিকদের স্মৃতির উদ্দেশ্যে লেখা হয়েছিল। তার কবিতার সংকলনেও এটি ‘স্প্যানিশ প্যাট্রিয়টস’ শিরোনামে স্থান পেয়েছে।
এই প্রেক্ষাপটেই কবি দেশপ্রেমিকের রক্তকে স্বাধীনতার বৃক্ষের বীজের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ, যারা স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন, তাদের আত্মত্যাগ পরবর্তী সময়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সংগ্রামকে আরও শক্তিশালী করে।
‘স্বাধীনতা বৃক্ষ’ এখানে স্বাধীনতার প্রতীক। আর ‘দেশপ্রেমিকের রক্ত’ বলতে বোঝানো হয়েছে স্বাধীনতার জন্য আত্মত্যাগ করা মানুষের ত্যাগ ও রক্তদান। তাই দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজস্বরূপ’ কথাটির মূল শিক্ষা হলো—স্বাধীনতার পেছনে দেশপ্রেম, সংগ্রাম ও আত্মত্যাগের গভীর অবদান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









