নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল নেদারল্যান্ডস। কিন্তু যোগ করা সময়ের (ইনজুরি টাইম) প্রথম মিনিটেই নাটকীয়তার জন্ম দিল মরক্কো। ইসা দিওপের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরল আফ্রিকান জায়ান্টরা। ফলে ১-১ স্কোরলাইন নিয়ে ম্যাচটি গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে।
নকআউট পর্বের এই মহারণে প্রথমার্ধ থেকেই চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে ম্যাচের ডেডলক ভাঙতে পারছিল না কোনো দলই। মরক্কোর দুর্ভাগ্য যে, তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির একটি জোরালো শট গোলবারে লেগে ফিরে আসলে লিড নেওয়া হয়নি তাদের।
ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতা থাকার পর অবশেষে ডেডলক ভাঙেন ডাচ তারকা কোডি গাকপো। ৭২ মিনিটে ডি-বক্সে বল নিয়ে ঢোকার পর মরক্কোর ডিফেন্ডারদের বাধায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ওয়েগহর্স্ট। তবে শুয়ে থাকা অবস্থাতেই তিনি বল বাড়িয়ে দেন ছুটে আসা গাকপোর দিকে। লিভারপুলের এই ফরোয়ার্ড চমৎকার শটে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোকে পরাস্ত করে নেদারল্যান্ডসকে ১-০ গোলে এগিয়ে নেন।
এই গোলের পর আবেগ ধরে রাখতে পারেননি ২৭ বছর বয়সী গাকপো। সম্প্রতি ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তান হারানোর বেদনাবিধুর এক পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তিনি ও তার জীবনসঙ্গী। সেই শোককে শক্তিতে রূপান্তর করে গোল করার পরই কান্নায় ভেঙে পড়েন এই ডাচ ফরোয়ার্ড।
গোল হজম করলেও হাল ছাড়েনি মরক্কো। গতি আর আক্রমণের ধার বাড়িয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে তারা। নির্ধারিত ৯০ মিনিট শেষে রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দিলে, তার প্রথম মিনিটেই (৯১ মিনিট) কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মরক্কো। তালবির বাড়ানো এক লম্বা ক্রসে বক্সে দারুণ হেডে বল জালে জড়ান ইসা দিওপ। নিজের প্রথম আন্তর্জাতিক গোলেই মরক্কোকে উল্লাসে ভাসান এই ডিফেন্ডার।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় চলতি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো কোনো ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াল। এর আগে জার্মানি ও প্যারাগুয়ের ম্যাচটিও নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়েছিল, যা পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে নেয় প্যারাগুয়ে।
চলতি ম্যাচের অতিরিক্ত ৩০ মিনিটেও যদি স্পটলাইন অপরিবর্তিত থাকে, তবে কোয়ার্টার ফাইনালের টিকিট নির্ধারণ হবে টাইব্রেকারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









