মাত্র ৫ রানেই ২ উইকেট, এরপর ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের দেওয়া ১৩১ রানের লক্ষ্য পেরিয়ে ৪ উইকেটে জিতেছে তারা। ৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে লঙ্কান মেয়েরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে পাকিস্তান। দলের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক ফাতিমা সানা।
পাকিস্তানের শুরুটা হয় মাত্র ৫ রানে ফর্মে থাকা ওপেনার মুনিবা আলিকে হারিয়ে। এরপর শাওয়াল জুলফিকার ২৪ ও গুল ফিরোজা ২১ রান করে ফেরেন। আয়েশা জাফর ৭ ও সাদাফ শামাস ৮ রানে আউট হলে চাপে পড়ে পাকিস্তান। ছয় নম্বরে নেমে সেই চাপ সামলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ফাতিমা। তিনি ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ এবং তুবা হাসান ১২ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার পক্ষে অধিনায়ক চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা ২টি করে উইকেট নেন।
১৩১ রানের লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার শুরুটাও ভালো হয়নি। ৫ রানেই অধিনায়ক চামারি ও সঞ্জনা কাভিন্দিকে হারায় তারা। এরপর হাসিনি পেরেরা ৩ ও ইমেশা দুলানি ২৪ রান করে ফেরেন। তবে হারশিতা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি ৬৭ রানের জুটিতে ম্যাচে ফেরান শ্রীলঙ্কাকে।
সামারাবিক্রমা ৩৬ ও কাভিশা ৩৩ রান করেন। এরপর নিলাশিকা সিলভা ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানার ৪ বলে ১০ রানের কার্যকর ইনিংসে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
৪ উইকেটে জিতে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করল লঙ্কান মেয়েরা। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক ফাতিমা সানা। তবে পাকিস্তানের হারে আরেকটি ভারত-পাকিস্তান ফাইনাল দেখার সুযোগ থেকে বঞ্চিত হলেন ক্রিকেটভক্তরা।
রবিবার রাত সাড়ে ৮টায় দুবাইয়ে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কার মেয়েরা। নারী এশিয়া কাপ ক্রিকেটে ভারত সর্বোচ্চ ৭ বার এবং শ্রীলঙ্কা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মেয়েরা একবার শিরোপা জিতেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









