ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেবার ১৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে তার শিকার ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২৬ রানে আটকে দিয়ে ৮ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতেছে গায়ানা। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে মিরাজের হাতে।
ঘরের মাঠ প্রভিডেন্স স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল গায়ানা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান তোলে ত্রিনবাগো। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন মিরাজ। পরে ১৮.৪ ওভারে লক্ষ্য পেরিয়ে যায় ইমরান তাহিরের নেতৃত্বাধীন গায়ানা।
ত্রিনবাগো শুরুতে ঝোড়ো ব্যাটিং করেছিল। ৪.৩ ওভারে ৪১ রান তোলার পর প্রথম আঘাত হানেন মিরাজ। ১৬ বলে ২৬ রান করা কলিন মুনরোকে বোল্ড করেন তিনি। এরপর ২২ রান করা অ্যালেক্স হেলসকে ফেরান আগের ম্যাচে সর্বোচ্চ বয়সে ৪৭ বছর বয়সে পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়া ইমরান তাহির।
জাস্টিন গ্রিভস ৩৭ বলে ৩৫ রান করেন। তবে ত্রিনবাগোর আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। নিকোলাস পুরানকে প্রথম বলেই বোল্ড করার পর জিড গুলি ও সুনীল নারিনকেও ফেরান মিরাজ। ত্রিনবাগোকে ১২৬ রানে থামানোর পথে মিরাজ ৪টি এবং শামার জোসেফ ২টি উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় ৩৬ রানের মধ্যে গায়ানা হারায় দুই ওপেনার মাভেন্দ্র দিনদিয়াল ও গ্লেন ফিলিপসকে। এরপর শিমরন হেটমায়ার ৩৫ বলে ৪২ এবং শাই হোপ ১৯ বলে ২৮ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষদিকে ব্যাটিংয়ে নেমে মিরাজ ১৪ বলে ২ রান করেন। তবে তার দল জয় পেতে কোনো সমস্যায় পড়েনি।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানার ৯ ম্যাচে পয়েন্ট ১৬। এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









