‘ইংল্যান্ড’ নামটি যেন আর্জেন্টাইনদের বাড়তি উদ্দীপনা জোগায়। লিওনেল মেসির ক্ষেত্রেও বিষয়টি যেন আরও বেশি প্রযোজ্য। ইংলিশ দল হোক কিংবা নামের সঙ্গে ইংল্যান্ড থাকা কোনো দল, তাদের বিপক্ষে মেসির পারফরম্যান্স বরাবরই আলোচনায় থাকে। এবার মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করে ইন্টার মিয়ামিকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল ইন্টার মিয়ামি। ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজডাগ গোল করে নিউ ইংল্যান্ডকে এগিয়ে দেন। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালায় মিয়ামি। ৬৫ মিনিটে মেসির নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক টার্নার।
তবে চার মিনিট পরই সমতায় ফেরে মিয়ামি। সেগোভিয়ার বাড়ানো লম্বা পাস হেড করে সতীর্থ এতে বের্তেরামের দিকে বাড়িয়ে দেন মেসি। পরে জোরালো নিচু শটে বল জালে পাঠান বের্তেরাম।
৮৩ মিনিটে নিজের গোলেই জয় নিশ্চিত করেন মেসি। গোল থেকে প্রায় ৩০ গজ দূরে বল পেয়ে নিউ ইংল্যান্ডের তিন ডিফেন্ডারকে কাটিয়ে সেগোভিয়ার সঙ্গে বল আদান-প্রদান করেন তিনি। এরপর বক্সে ঢুকে জালে বল পাঠান এই আর্জেন্টাইন তারকা।
ম্যাচের ৮৭ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফিরেছিল নিউ ইংল্যান্ড। তবে ভিডিও পর্যালোচনার পর অফসাইডের কারণে লুকা লাঙ্গোনির গোল বাতিল করেন রেফারি সের্হি বোইকো। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি।
ইংলিশ দলগুলোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড রয়েছে মেসির। বিশ্বকাপেও ইংল্যান্ডের বিপক্ষে আলো ছড়িয়েছেন তিনি। নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষেও তার পারফরম্যান্স উল্লেখযোগ্য। দলটির বিপক্ষে এখন পর্যন্ত ৮ গোলের পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করেছেন মেসি। মেজর লিগ সকারে অন্যতম প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন আর্জেন্টাইন অধিনায়ক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









