ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে সিরিজের শুরুতে খেলতে পারবেন না দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চাপম্যান ও রাচিন রবীন্দ্র।
ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে তাদের আরও কিছুদিন পুনর্বাসনে থাকতে হবে। এর আগে চোটের কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তারা। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে ফিটনেস ফিরে না পাওয়ায় তাদের নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে দলকে।
ইউরোপিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান চাপম্যান। নিউজিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক এমআরআই পরীক্ষার পর দেখা গেছে, পুরোপুরি ফিট হতে তাকে আরও দুই সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে।
অন্যদিকে, একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় কাঁধের হাড় সরে যায় রবীন্দ্রর। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, চোট কাটিয়ে মাঠে ফিল্ডিং করার মতো ফিটনেস ফিরে পেতে তার আরও বেশি সময় প্রয়োজন।
এদিকে উইকেটকিপার ব্যাটার টিম সেইফার্টকে পুরো সিরিজের জন্য দলে রাখা হয়েছে। শুরুতে কেবল শেষ দুই ওয়ানডের দলে থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম তিন ম্যাচের স্কোয়াডেও যুক্ত হয়েছেন তিনি। এ ছাড়া হেনরি নিকলসকে প্রথম তিন ওয়ানডে এবং ডিন ফক্সক্রফটকে শেষ দুই ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে।
প্রথম তিন ম্যাচের স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার ম্যাট ফিশারও। অন্যদিকে, ডান পায়ের ঊরুর সামনের পেশিতে সামান্য চোটের কারণে শেষ তিন টি-টোয়েন্টিতে খেলতে না পারা ম্যাট হেনরি সোমবার দলের সঙ্গে যোগ দেবেন। তার খেলার প্রস্তুতি পর্যালোচনা করা হবে।
ভারতের বিপক্ষে প্রথম তিন ওয়ানডের নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়ং ও ব্লেয়ার টিকনার।
শেষ দুই ওয়ানডের নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, লকি ফার্গুসন, মিচেল হে, নিক কেলি, টিম সেইফার্ট, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









