আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৪ বছরের ক্যারিয়ার শেষে অবসর নিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন তিনি। এমনকি, প্রথম শ্রেণির ক্রিকেটও আর খেলবেন না। তবে বিগ ব্যাশসহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলবেন ম্যাক্সওয়েল।
বিশ্বক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর অলরাউন্ডারদের মধ্যে একজন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট, ১৪৯ এক দিনের ম্যাচ ও ১৩০ টি-টোয়েন্টি খেলেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। টেস্টে ৩৩৯, এক দিনের ক্রিকেটে ৩৯৯০ ও টি-টোয়েন্টিতে ২৮৯৭ রান করেছেন তিনি। পাশাপাশি নিয়েছেন ১৩৬ আন্তর্জাতিক উইকেটও।
২০১২ সালের ২৫ অগস্ট শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। দেশের হয়ে ২০১৫ ও ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ জিতেছেন তিনি। ২০২১ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিলেন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তার ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন ভারতে। ২০২৩ সালের বিশ্বকাপে মুম্বাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ২৯২ রান তাড়া করতে নেমে ৯১ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে ২১ চার ও ১০ ছক্কার সাহায্যে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার ২০২৩ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।
কিন্তু পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে খারাপ খেলছিলেন ম্যাক্সওয়েল। পাশাপাশি ফিটনেসের সমস্যাতেও ভুগছিলেন তিনি। ২০২৫ সালে এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। শুধু টি-টোয়েন্টি খেলছিলেন তিনি।
কিন্তু ২০২৬-২৭ সালে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েন ম্যাক্সওয়েল। গত মে-জুনে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয়নি তাকে। তখনই বোঝা গিয়েছিল, ম্যাক্সওয়েলের কথা আর ভাবছে না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন ম্যাক্সওয়েল। গ্রুপ পর্ব টপকাতে পারেনি অস্ট্রেলিয়া। এর পর সুযোগ না পেয়ে অবশেষে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন ম্যাক্সওয়েল। মুম্বইয়ের হয়ে ২০১৩ সালে ট্রফিও জিতেছেন। কিন্তু গত মৌসুমে নিজেই আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন ম্যাক্সওয়েল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









